রাষ্ট্রপতির সঙ্গে আইসিসি কমিউনিকেশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তির সর্বশেষ ব্যবহার এবং তা তৃণমূলে পৌঁছে দিতে ব্যবসায়ীদের একনিষ্ঠ থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মাদ সাহাবুদ্দিন। দেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগামী প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই অভিমত ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে শনিবারের এই অনানুষ্ঠানিক বৈঠকে প্রথমেই কুশল বিনিময়ে আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক এর বাবা মরহুম কামরুল ইসলাম সিদ্দিক এর দেশের জন্য ক্লান্তিহীন নানা উদ্যোগ ও কাজের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। একইসঙ্গে দেশের তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিকাশ নিয়ে আলোচনা করেন তারা।
আধা ঘণ্টা স্থায়ী বৈঠকে বঙ্গবন্ধু দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর নেতৃত্বে ও সহযোগিতায় বিগত ১৫ বছরে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের মাইলফলক উন্নতির কথা তুলে ধরেন আইএসপিএবি‘র প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিক। আলাপকালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট অর্থনীতি, স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ এবং স্মার্ট সরকার বাস্তবায়নে আইসিসি কমিউনিকেশন লিমিটেড নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তিনি। সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের ডিজিটাল বাংলাদেশের মতো ২০৪১ সালের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি মোহম্মাদ সাহাবুদ্দিন।







